বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় গরুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা

দু’জন নিহত ও সাতটি গরুর মৃত্যু

সালাউদ্দিন কাজল- জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-04 10:27:45
চুয়াডাঙ্গায় গরুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় গরু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। মারা গেছে ট্রাকে থাকা সাতটি গরু। আজ শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে সদর উপজেলার চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের অদূরে ওই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আশরাফুল হক (৫০) ও মেহেরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ডপাড়ার হারুন-উর-রশিদের ছেলে মনির হোসেন (৪৫)। আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের নিজাম শেখের ছেলে কালাম হোসেন (৪০) ও মেহেরপুর পৌর এলাকার খন্দকারপাড়ার জহির উদ্দীনের ছেলে মিনারুল ইসলাম (৪১)। নিহতদের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আজ ভোরে বরিশাল থেকে ছেড়ে আসা গরুবোঝাই একটি ট্রাক মেহেরপুরে যাচ্ছিল। এ সময় সদর উপজেলার চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের অদূরে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন। মারা যায় ট্রাকে থাকা ১৯টি গরুর মধ্যে সাতটি গরু। ট্রাকের ভেতর আটকা পড়েন চালক ও হেলপার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ইঞ্জিনের আংশিক অংশ কেটে জীবিত অবস্থায় চালক ও হেলপারসহ তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। 

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ লিওন জানান, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনির হোসেন নামে আরও একজন। বাকি দু'জনের অবস্থা আশঙ্কামুক্ত। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই সময় ট্রাকটি হেলপার চালাচ্ছিল। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম