ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছর পর চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১২ টার সময় সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজ মাঠে সম্মেলন শুরু হয়। সম্মেলনের শুরুতেই আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। শুরু হয় সম্মেলনের কার্যক্রম।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
বিশেষ অতিথি ছিলেন অ্যাড. আমিরুল আলম এমপি, অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা খাতুন এমপি, অ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি, চুয়াডাঙ্গা- ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী লীগের উন্নয়ন দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। এখন রিজার্ভ নিয়ে অপপ্রচার ছড়াচ্ছে। বৈশ্বিক সংকটের পরও এখন ৩৬ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। তাদের শাসন আমলে যে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল। তাঁরা দেশকে গিলে খেয়েছিল। এদের থেকে সাবধান। এদেরকে প্রতিহত করার সময় এসেছে। সকলকে একতাবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করতে হবে।
যৌথভাবে সম্মেলনের সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু ও পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম। বিকেলে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে সদর উপজেলা আওয়ামী লীগের ৩৯২ জন ও পৌর আওয়ামী লীগের ২৫৭ জন কাউন্সিলর তাদের ভোটের মাধ্যমে পরবর্তী নেতা নির্বাচন করবেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম