চিকিৎসার জন্য হারিয়ে যাওয়া এক লক্ষ টাকা এবং দু'টি মূল্যবান স্মার্টফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ। শুধু এবারই না, এর আগেও হারিয়ে যাওয়া শতাধিক মোবাইলসহ বিকাশের ভুল নম্বরে চলে যাওয়া কয়েক লক্ষ টাকা উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, চলতি মাসের ১৯ তারিখে দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে মাওলানা মো. জসিম উদ্দীন (৪০) নামের এক ব্যক্তি জীবননগর থানায় এসে লিখিতভাবে জানান যে, তিনি তার মায়ের চোখের অপারেশনের জন্য মহেশপুর শশুরবাড়ী থেকে এক লক্ষ টাকা ধার করে ১৯ অক্টোবর দুপুরে স্ত্রীসহ মোটরসাইকেলযোগে নিজ বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে তার স্ত্রীর ঘুমের ঝিমুনি আসলে তারা জীবননগর উপজেলার তেঁতুলিয়া গ্রামের একটি রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে মাচায় বসে বিশ্রাম নেন। কিছুক্ষণ বিশ্রাম নেবার পর তার স্ত্রীর ব্যাগে রক্ষিত এক লক্ষ টাকা এবং মূল্যবান দু'টি স্মার্টফোনসহ ব্যাগটি ভুলে সেখানে রেখে নিজ বাড়ীতে ফেরেন।
মাও. জসিম উদ্দীনের আবেদনের পরিপ্রেক্ষিতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে জীবননগর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেনকে দায়িত্ব দেন হারানো টাকাসহ মোবাইল উদ্ধারের। এরপর প্রযুক্তির ব্যবহারে এসআই সাজ্জাদ হোসেন হারিয়ে যাওয়া এক লক্ষ টাকাসহ স্মার্টফোন দু'টি উদ্ধার করতে সক্ষম হন।
পরবর্তীতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল খালেক উদ্ধারকৃত এক লক্ষ টাকাসহ স্মার্টফোন দুটি বুধবার দুপুরে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। হারানো টাকা ও মোবাইল ফিরে পেয়ে মাও. জসিম উদ্দীন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জীবননগর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জীবননগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রায় একশটির বেশি হারানো মোবাইল ফোন, বিকাশের অর্ধশত ভুল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া নগদ, বিকাশ ও মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া তিন লক্ষ নব্বই হাজার টাকা উদ্ধার করা হয়েছে এবং পঞ্চগড় ও দিনাজপুরে অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম