চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মুনতাজ হোসেন (৩২) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১টার দিকে দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে ওই ঘটনা ঘটে। নিহত মুনতাজ হোসেন ওরফে জাহাঙ্গীর দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
নিহতের মেজো ভাই ইন্তাজুল আলী জানান, শনিবার রাতে তার বড় ভাই মুনতাজ মহিষ আনতে সীমান্তে যান । রাত ১ টার দিকে সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের অপরপাশ থেকে ৭-৮ রাউন্ড গুলিবর্ষণ করে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুনতাজ। পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
ভারতের কৃষ্ণগঞ্জ থানার ওসি বাবিন মুখার্জী জানান, নিহত বাংলাদেশী যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশে মহিষ নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় আইনী বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, 'ঘটনাটি শোনার পর আমরা বিএসএফ'র সাথে যোগাযোগের চেষ্টা করছি।'
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম