চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পাখি ভ্যান অর্থাৎ ব্যাটারী চালিত ভ্যান ভেঙে এর উপর থেকে ছিটকে পড়ে আব্দুর রহমান নামে নয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এবং এ ঘটনায় শিশুটির মা শান্তা খাতুন গুরুতর আহত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
আজ বুধবার (৫ অক্টোবর) সকাল নয়টার সময় জীবননগর পৌর শহরের হাসেম মিয়ার চাতালের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান জীবননগর পৌর শহরের শাপলাকলি পাড়ার মো. রুবেল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মা শান্তা খাতুন শিশুপুত্রকে নিয়ে পাখি ভ্যান যোগে পিতার বাড়ি তেতুলিয়া গ্রামে যাচ্ছিলেন। তারা জীবননগর-তেতুলিয়া সড়কের হাসেম মিয়ার চাতালের সামনে পৌছালে পাখি ভ্যানটি ভেঙে যায়। এবং পাখি ভ্যানের উপর থেকে মা ও শিশু আব্দুর রহমান পাকা রাস্তার উপর ছিটকে পড়ে। এতে শিশুটির মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মা শান্তা খাতুন গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মা শান্তা খাতুনকে হাসপাতালে ভর্তি করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে নেয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আর মা শান্তা খাতুনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থাটি প্রক্রিয়াধীন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম