চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীসহ পাঁচজন রোগী ভর্তি হয়েছেন। পাঁচজনই ঢাকা থেকে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সুত্রে জানা গেছে, চলতি মাসে ছয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি পাঁচজন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভর্তিকৃত রোগীরা হলেন- সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের আজিবারের ছেলে তোতা মিয়া (৪২), হানুরবাড়াদি গ্রামের মৃত কাতব আলীর ছেলে আব্দুল হামিদ (৩৮), বোয়ালমারি গ্রামের মসলেম উদ্দীনের ছেলে ফারুক হোসেন (৩০), দামুড়হুদা উপজেলার আনোয়ারপুর গ্রামের আব্দুস ছাত্তারের স্ত্রী শিউলী খাতুন (৫৫) ও চুয়াডাঙ্গা পৌর শহরের মাঝেরপাড়ার অ্যাডভোকেট শাহরিয়ার নেওয়াজ অভি (৩২)।
এর আগে চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল এলাকার মৃত মিঠুর ছেলে কলেজ ছাত্র তোহাকে (২২) সদর হাসপাতাল থেকে ছাত্রপত্র দেওয়া হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, চলছি মাসে যে ৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে সদর হাসপাতালে এসেছেন তারা সবাই ঢাকায় থাকেন। বাড়িতে আসার পরই ডেঙ্গুর লক্ষণ দেখা দেয়। পরে তাদের শরীরে ডেঙ্গু সনাক্ত করা হয়। ডেঙ্গু রোগীর জন্য আলাদা জোন খোলা হয়েছে। মেডিসিন ওয়ার্ডের ৪ নং কেবিনটিতে ডেঙ্গুর রোগীদের চিকিৎসা চলবে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম বলেন, এডিস মশা হাসপাতালের ওয়ার্ডে থাকলে এক রোগী থেকে অন্য রোগীতে জীবাণু ছড়াতে পারে। তাই ডেঙ্গু আক্রান্ত রোগীরা মশারীর ভেতর রয়েছে। এছাড়া হাসপাতালে রোগীদের জন্য আলাদা ডেঙ্গু জোন করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম