চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এতে নদীর দুই তীরে হাজারো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সোমবার বিকেলে স্থানীয় মাথাভাঙ্গা নদীতে গ্রামবাংলার এ ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানায়, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামবাসীর আয়োজনে প্রতিবছর এই অনুষ্ঠানটি হয়ে থাকে। পারকৃষ্ণপুর গ্রামের মাথাভাঙ্গা নদীর পাড় মঞ্চে এবং গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব আয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. আলি আজগর টগর এমপি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ বাংলাদেশ তথা বাঙালি জাতির শেকড়ের কথা বলে। নৌকাবাইচ লোকজ ঐতিহ্যের একটি বড় অংশ। এ যেন মহোৎসব। যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খৃস্টান নদীর দু’পাড়ে জড়ো হয়ে জনসমুদ্রে পরিণত হয়েছে।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মনছুর বাবু, সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস, কেরু চিনিকলের মহাব্যবস্থাপক শেখ শাহাব উদ্দীন, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবির, ইউপি চেয়ারম্যান এএসএম জাকারিয়া আলম প্রমুখ। বক্তব্য শেষে নৌকাবাইচে প্রথম স্থান অধিকারী ভবেষ ও তার দলের হাতে চ্যাম্পিয়ন ও দ্বিতীয় স্থান অধিকারী বদ্দীনাথ ও তার দলের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেয়া হয়। এ প্রতিযোগিতায় জেলার ৮টি নৌকাবাইচ দল অংশ নেয়।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম