চুয়াডাঙ্গায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় আল আমিন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৩ জুলাই) সকাল ১০টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার রামনাগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার দর্শনা পৌর এলাকার রামনাগর গ্রামের খন্দকার মোহাম্মদ আশরাফুলের ছেলে ও মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, রোববার সকালে আল আমিন বাসা থেকে বেরিয়ে প্রাইভেট পড়ে সাইকেল যোগে আবার নিজ বাড়ি ফিরছিল। এসময় রামনাগর গ্রামের মোড়ে পৌঁছালে বেপরোয়া গতির মাটিবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে আল আমিন রাস্তার ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে স্থানীয় ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত হয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম