ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরিফুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে ভারতের পাখিউড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল শ্যামকুড় পশ্চিমপাড়ার মৃত আফেজ উদ্দিনের ছেলে। শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জামিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জামিরুল হক জানান, আরিফুল ইসলামসহ ৫/৬ জন মঙ্গলবার রাতে সীমান্তে গরু আনতে যায়। পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই আরিফুল নিহত হয়। বাকি সহযোগীরা পালিয়ে দেশে ফিরে আসে। তিনি আরো জানান, বর্তমানে মরদেহটি ভারতের নদীয়া জেলার অন্তর্গত হাসখালি সীমান্তের ওমরপুর গ্রামের মাঠে পড়ে রয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল পারভেজ জানান, আমরা এমন একটি ঘটনা শুনেছি।
এ বিষয়ে ঝিনাইদহ ৫৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, সীমান্তে একজন মারা গেছে বলে খবর পেয়েছি। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কী না তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, আরিফুল ইসলামের নিহতের ঘটনা জানাজানি হওয়ায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম