ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের মধ্যে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম।
উপ-পরিচালক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও ঝিনাইদহ জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক।
আরো বক্তব্য রাখেন, ফাউন্ডেশন ফিল্ড অফিসার মো. মিজানুর রহমান ও মাস্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে ৫৪ জনকে ৪ হাজার টাকা করে মোট ২ লাখ ১৬ হাজার টাকা ও ১২ জনকে ১৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হয়।
সর্বমোট ৩ লাখ ৯৬ হাজার টাকা বিতরণ করা হয়। একই দিন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের পাঁচ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক জনাব মনিরা বেগম অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রতি উপজেলা থেকে চারজন করে মোট ২৪ জন রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম