খুলনার ডুমুরিয়া সদরে বাল্যবিবাহ সংগঠনের অপরাধে বরের মাকে ২৯ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান এর ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়ার উপজেলার আরাজি সাজিয়াড়া গ্রামের সুকুর গাজী ও জরিনা বেগম অভিভাবক হিসেবে তাদের ছেলে আলামিন গাজীকে গত ২ অক্টোবর খুলনা নোটারি পাবলিকের কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে কেশবপুর উপজেলার ভরত ভায়না গ্রামের ইস্রাফিল হোসেনের দশম শ্রেণিতে পড়ুয়া অপ্রাপ্ত বয়ষ্ক কন্যা মিম খাতুনের সাথে বিয়ে দেয়। উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সরেজমিনে তাদের বাড়িতে যান।
এ সময় বর ও তার পিতা টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেলে অভিভাবক হিসেবে জরিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযোগের সত্যতা এবং অপরাধ স্বীকার করেন।
এ সময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারায় ২৯ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। এ সময় বধুর রূপে শিশুকন্যাকে উদ্ধার করে কনের মামার কাছে হস্তান্তর করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করে মোঃ আবুজার হোসাইন, থানা পুলিশের সদস্যসহ অন্যানরা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম