খুলনার ডুমুরিয়ায় সবুজ মন্ডল (দিপু) নামে এক কলেজ ছাত্র নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে উপজেলার গুটুদিয়া গ্রামে।
প্রেমে ব্যর্থতা এবং বেকারত্বের জ্বালা সইতে না পেরে তার এই আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গুটুদিয়া গ্রামের হতদরিদ্র দিনমজুর সমারেশ মন্ডলের বড় ছেলে সবুজ মন্ডল (২২) খুলনার একটি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশুনা করতো। মা-বাবা, ছোট ভাই কে নিয়ে অভাব অনটনের সংসারে দিপুর খুব কষ্টে দিন কাটতো। নিজের কোন আয় রোজগার না থাকায় এবং একটি মেয়ের সাথে প্রেমে ব্যর্থ হয়ে দিপু আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে সে তার ফেসবুক প্রোফাইলে লেখা স্ট্যাটাস এবং মায়ের উদ্দ্যেশে লেখা একটি চিরকুট থেকে জানা যায়। এদিকে দিপুর অকাল মৃত্যুতে তার পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ জানিয়েছেন, লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম