ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কণ্ঠের সদৃশ শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁস বিষয়ক বেশ কিছু অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। এ ঘটনায় ইবি থানায় একটি জিডি করা হয়েছে। অডিও ফাঁস হওয়ার ঘটনায় দূর্নীতির অভিযোগ এনে উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করে অপসরণের দাবীতে ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন করছে অস্থায়ী কর্মচারী পরিষদ।
এসময় আন্দোলনকারী ব্যক্তিদের ' ভিসির দুই গালে জুতা মারো তালে তালে', 'দূর্নীতিবাজ ভিসির অপসারণ চাই' বলে স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনকারী ব্যক্তিরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতাকর্মী বলে জানা যায়।
শনিবার বেলা ১২টায় প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় উপাচার্য অফিসের সামনে রাসেল জোয়ারদার ও টিটু মিজানের নেতৃত্বে অস্থায়ী কর্মচারী পরিষদের প্রায় ৩০-৩৫ জন কর্মচারী এ আন্দোলনে অংশ নেন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপাচার্যের সঙ্গে সাংবাদিকতা বিভাগের চাকুরিপ্রাথী অলিউল রহমানের একটি কথাপোকথন ফাঁস হয়। সেখানে উপাচার্যকে বলতে শোনা যায় টাকা দিয়ে হলেও দুইজন প্রার্থী সংগ্রহ করার কথা। এছাড়াও নিয়োগ পরিক্ষার প্রশ্ন বিষয়ক আলাপন করতে শোনা যায়। এ ঘটনায় শুক্রবার ইবি থানায় একটি সাধারণ ডায়েরি করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। পরে আরোও একটি আইডি হতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকতা, কর্মচারী ও ছাত্রলীগ সম্পর্কে বিরূপ মন্তব্য করা অডিও ফাঁস হয়।
অন্যদিকে এ ঘটনায় শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অডিও তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথাপোকথন শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হয়েছে। উক্ত অডিওতে উপাচার্য মহোদয়ের মন্তব্য শিক্ষক সমিতি হতবাক ও বিস্মিত। এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের তথা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে তাঁর এধরনের বক্তব্য শিক্ষক সমিতিকে ক্ষুব্ধ ও হতাশ করেছে।
প্রকাশিত অডিও-র বক্তব্যের বিষয়ে অনতিবিলম্বে উপাচার্য মহোদয়ের অবস্থান জানানোর অনুরোধ করা করা হয়।
এছাড়াও এ ঘটনায় শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। এছাড়াও পরিবেশিত অডিও উপাচার্যের কিনা সে সম্পর্কে ব্যাখা প্রদানসহ তাঁর অবস্থান পরিষ্কার করার জন্য আবেদন জানান।
এ বিষয়ে অস্থায়ী কর্মচারী পরিষদের সভাপতি টিটু মিজান বলেন, এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় বিভিন্ন দূর্নীতির ঘটনা দেখতে পায়। এ ভিসি অচল দূর্নীতিবাজ। তাঁকে সরাসরি একজন চাকুরী প্রার্থীর সাথে কথা বলার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পায়। তাছাড়াও ছাত্রলীগ, ছাত্র ও শিক্ষকদের সম্পর্কে বিরূপ মন্তব্য দেখতে পায়। আমরা এই ভিসির অপসারণ চায়। দূর্নীতিমুক্ত ক্যাম্পাস চাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, মাননীয় উপাচার্য মহোদয়ের কন্ঠের সাদৃশ্যের ন্যায় কথোপকথনের অডিও ফেক আইডির মাধ্যমে ভাইরাল হয়েছে। এই বিষয়ে ইবি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম