বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ


DhakaReport24.com || 2022-07-08 17:38:30
কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকেরা। 

শুক্রবার (৮ জুলাই) দুপুরে সাংবাদিকেরা কুষ্টিয়া শহরে বিক্ষোভ করেন। 

এদিকে বেলা ১১টায় পৌর কবরস্থানে জানাজা শেষে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের লাশ দাফন করা হয়। জানাজায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ সর্বস্তরের সাংবাদিকেরা অংশ নেন। 

দাফন শেষে বেলা সাড়ে ১১টার দিকে হাসিবুর হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে কবরস্থান থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিকেরা। মিছিলটি কলেজ মোড় হয়ে র‍্যাবগলি দিয়ে মজমপুর ট্রাফিক কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। পরে তারা কুষ্টিয়া-ঈশ্বরদী ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখেন। অবরোধে কুষ্টিয়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, এডিটরস ফোরাম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ক্যামেরা পার্সনদের সংগঠনের নেতারা অংশ নেন। 

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া এর সভাপতি রাশেদুল ইসলাম বলেন, হাসিবুর হত্যাকারীদের খুঁজে বের করা না হলে কুষ্টিয়া অচল করে দেওয়া হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনীদের না ধরতে পারলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু বলেন, প্রশাসনের গাফিলতির কারণে একজন মেধাবী উদীয়মান সাংবাদিককে হারাতে হলো। সমাবেশেবক্তব্য দেন সাংবাদিক নেতা মজিবুল শেখ, সোহেল রানা, হাসান আলী, শরীফ বিশ্বাস প্রমুখ। বিক্ষোভ সমাবেশের একপর্যায়ে সাংবাদিকেরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাঁরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের প্রত্যাহার দাবি করেন।

 
প্রসঙ্গত, গত ৩ জুলাই সাংবাদিক হাসিবুর রহমান রুবেল রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় মোবাইলে একটি কল আসে। এ সময় তিনি অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। তার আর কোনো খোঁজ পাওয়া
যায়নি। 

এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডাইরী জিডি করেন তার পরিবার। বৃহস্পতিবার দুপুরে দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের তেবাড়িয়া এলাকার গড়াই নদীর উপর (নির্মাণাধীন) গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তার পড়নের জামা-কাপড়, মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে তার পরিবারের লোকজন মরদেহটি শনাক্ত করেন। 

সাংবাদিক হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকায়। তিনি মৃত হাবিবুর রহমানের ছেলে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম