কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের (৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদবয়রা গ্রামের নতুন ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।
নিহত রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত
সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার হাসিবুর রহমান রুবেল রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় মোবাইলে একটি কল এলে তড়িঘড়ি করে অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন। এরপর থেকে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় রুবেলের ছোট ভাই ওইদিনই কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে, বুধবার (৬জুলাই) বেলা ১২টার দিকে তার সন্ধান দাবিতে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে ব্রিজের নিচে নদীতে লাশ ভেসে ওঠে। পরনের জামা-কাপড় ও মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করা হয়েছে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, দুপুরে নৌ পুলিশ সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের লাশ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম