আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকার দলীয় কোনো সংসদ সদস্য কুমিল্লা সিটি নির্বাচনে হস্তক্ষেপ করছেন না। একজন সংসদ সদস্য স্থানীয় নির্বাচনে তার নির্বাচনী এলাকায় থাকতেই পারেন।
মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন কিনা সেটিই দেখার বিষয়। সংসদ সদস্য তার নিজ বাড়িতেই অবস্থান করছেন। তাকে পদত্যাগ কিংবা বহিস্কার করার মত কোনো যৌক্তিকতা নেই।
তিনি বলেন, বিএনপির সামনে সরকার বিরোধী কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলার কিছু নেই।
সে কারনেই ইস্যু খুঁজছেন তারা। তত্ত্বাবধায় সরকারের সাথে শেখ হাসিনার আপস বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে হানিফ বলেন, ওই সময় শেখ হাসিনা অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের হাতে গ্রেফতার হয়েছিলে। তিনি অবৈধ সরকারের সঙ্গে আপস করেননি বলেই তাঁকে কারাগারে যেতে হয়েছিলো।
কিন্তু বেগম খালেদা জিয়া গ্রেফতার হয়েছিলেন পরে। অতএব আপসকারা করেছিলো তা দেশবাসী জানেন। আওয়ামী লীগের এই নেতা বলেন, শেখ হাসিনা অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের হাতে গ্রেফতার হয়েছিলেন। তিনি অবৈধ সরকারের সঙ্গে আপস করেননি।
এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম