মেহেরপুরের গাংনীতে রফিকুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাত ৯টার সময় উপজেলার পীরতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রফিকুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের মো. মঈন উদ্দিনের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম বলেন, উপজেলার পীরতলা গ্রাম দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ১শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম