মেহেরপুরে সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর ৬টায় উপজেলার দরবেশপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্টবাহী কাভার্ডভ্যানের পেছনে মিনি ট্রাক ধাক্কা দেয়। এ সংঘর্ষে ট্রাকের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছে বলে জানা যায়। নিতদের পরিচয় এখনো মেলেনি। নিহতদের লাশ ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে দরবেশপুর বাজারে ঢাকা থেকে মেহেরপুর আসা সিমেন্টবাহী কার্ভাডভ্যান বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একটি মিনি ট্রাক চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর আসার পথে কার্ভাডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। পরে সেখানকার ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ড্রাইভার ঘুমিয়ে পড়ায় এ দুঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম