নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে ধান বোঝাই ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শামীম মোল্যা (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
গতকাল সোমবার (৯ মে) রাতে চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মোল্যা নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামের শরীফপাড়া গফফার মোল্যার ছেলে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা জানান, ব্যবসায়ী শামীম মোল্যা মোটরসাইকেলে করে নড়াগাতি থেকে চুনখোলা যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা পৌঁছালে বিপরীতমুখী ধান বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী শামীম ও চালক মারাত্মক আহত হন। পরে শামীমকে উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম