মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ


DhakaReport24.com || 2026-08-05
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতির আশঙ্কা প্রশমিত হয়েছে এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কমেছে—যার ইতিবাচক প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। এর ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) পরবর্তী নীতিমালার বিষয়ে আরও ইঙ্গিতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টা ৫০ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৯২ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের আগাম দাম বা ফিউচারস ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ১৪৯ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

কাতার ও মার্কিন কর্মকর্তাদের মন্তব্যের পর ইরান যুদ্ধের একটি কূটনৈতিক সমাধানের আশা জেগেছে, যা হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে পারে। এমন সম্ভাবনায় তেলের দাম কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে। এই খবরের জেরে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশেরও বেশি কমে যায়।

টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের বৈশ্বিক প্রধান বার্ট মেলেক বলেন, জ্বালানি তেলের দাম কমে যাওয়াই সম্ভবত স্বর্ণের দাম বাড়ার পেছনে অন্যতম প্রধান নিয়ামক হিসেবে কাজ করছে। তিনি আরও জানান, তেলের এই দরপতন নানাভাবেই সুদের হারের পূর্বাভাসের ওপর প্রভাব ফেলেছে, যেখানে স্বল্পমেয়াদি সুদের হার কিছুটা কমেছে।

সাধারণত জ্বালানির উচ্চমূল্য এই প্রত্যাশাকেই জোরালো করে যে, মূল্যস্ফীতি মোকাবিলায় ফেড দীর্ঘ সময়ের জন্য সুদের হার বেশি রাখবে। আর সুদের হার বেশি থাকলে তা সুদবিহীন সম্পদ বা স্বর্ণের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

এদিকে, অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভার বা রুপার দাম আউন্সপ্রতি ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ৫৯ দশমিক ৮২ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনামের দাম ৭ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৪৫ দশমিক ৪২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৭ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৫ দশমিক ১৩ ডলার হয়েছে। সূত্র: রয়টার্স

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম