শেয়ারবাজারে আরামকোর তালিকাভুক্তিতে অনুমোদন সৌদি নিয়ন্ত্রকের
DhakaReport24.com || 2019-11-04 11:45:45
অভ্যন্তরীণ শেয়ারবাজারে সৌদি আরামকোর তালিকাভুক্তির আবেদন গতকাল অনুমোদন করেছে সৌদি আরবের বাজার নিয়ন্ত্রক সংস্থা। তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য নিয়ে আসতে আইপিও ছাড়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে বিশ্বের সবচেয়ে মূল্যবান এ কোম্পানি। খবর রয়টার্স।
কত সংখ্যক শেয়ার বিক্রি করা হবে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানায়নি কোম্পানিটি। তবে কয়েকটি সূত্র রয়টার্সকে জানায়, তেল কোম্পানিটি স্থানীয় বাজারে ১ থেকে ২ শতাংশ শেয়ার বিক্রি করে ২ থেকে ৪ হাজার কোটি ডলার সংগ্রহ করতে পারে।
তেলক্ষেত্রে মারাত্মক হামলার ঘটনার সাত সপ্তাহ পর শেয়ার বিক্রির বিষয়টি নিশ্চিত করল আরামকো। এর মাধ্যমে সৌদির রাষ্ট্রনিয়ন্ত্রিত কোম্পানিটি এ বার্তাই দিচ্ছে, যত প্রতিবন্ধকতাই আসুক না কেন আইপিও ছাড়া থেকে পিছু হটছে না তারা।
শতকোটি ডলার সংগ্রহের মাধ্যমে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন ও অর্থনীতিতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে আইপিও ছাড়ার বিষয়টি অনেক গুরুত্ব বহন করছে। গত ১৪ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় সৌদি আরবের তেলের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার বিষয়টি আরো নগ্নভাবে প্রকাশ হয়েছে।
ক্যাপিটাল মার্কেট অথরিটি (সিএমএ) জানায়, আরামকোর আংশিক শেয়ার বিক্রির বিষয়টি অনুমোদন করেছে পর্ষদ। এ অনুমোদন আগামী ছয় মাস কার্যকর থাকবে বলে জানায় সিএমএ।
গত ২০ অক্টোবর আইপিও ছাড়ার তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সম্ভাব্য সব বৃহৎ বিনিয়োগকারীর দরজায় কড়া নাড়তে তা কিছুদিন পিছিয়ে নেয়া হয়েছে বলে জানায় তিনটি সূত্র।
চুক্তিটি কার্যকর করতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সহজ ঋণ ও স্থানীয় ধনাঢ্যদের বড় অংকের বিনিয়োগের ওপর নির্ভর করছে সৌদি আরব।
বিভিন্ন সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছিল, শুক্রবার আইপিও ছাড়ার ব্যাপারে সবুজসংকেত দিয়েছেন যুবরাজ সালমান। ২০১৬ সালের শুরুতে কোম্পানিটির ২ ট্রিলিয়ন ডলার ভ্যালুয়েশন করেছিলেন ক্রাউন প্রিন্স। কিন্তু ব্যাংকার ও কোম্পানি কর্তারা বলছেন আরামকোর ভ্যালুয়েশন ১ দশমিক ৫০ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি হবে।
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা এবং সবুজ প্রযুক্তির পক্ষে অবস্থানের কারণে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা তেল ও গ্যাসক্ষেত্রে বড় অংকের বিনিয়োগ বিরত রয়েছে।
শেষ পর্যন্ত আরামকোর ভ্যালুয়েশন ১ দশমিক ৫০ ট্রিলিয়ন ডলার হলেও বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির চেয়ে ৫০ শতাংশ বেশি মূল্য থাকবে তার। সম্প্রতি মাইক্রোসফট ও অ্যাপলের বাজার মূলধন ১ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি দাঁড়িয়েছে।