কেউ সন্তান চেয়ে পায় না আবার কেউ পেয়েও রাখতে চায় না। বাগমারায় ঘটেছে এমন ঘটনা।
রাজশাহীর বাগমারা উপজেলায় বীজতলা থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে- শুক্রবার সন্ধ্যার আগে উপজেলার নরদাশ ইউনিয়নের মাদিলা গ্রামের আবুল কালামের বীজতলা থেকে স্থানীয় কয়েকজন শ্রমিক ধানের চারা তুলছিলেন।
এ সময় এক শ্রমিক পায়ের নিচে পলিথিনে মোড়ানো একটি পিচ্ছিল কিছু অনুভব করেন। পরে তাঁরা পলিথিনে মোড়ানো নবজাতকের লাশটি দেখতে পান। শ্রমিকরা সেখান থেকে লাশটি তুলে শুকনো স্থানে রেখে বাগমারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, লাশটি ছেলে নবজাতকের ছিল। ডিএনএ এর নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত শেষে লাশটি দাফনের জন্য রাজশাহী কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম