কন্সট্রাকশন কাজের বেপরোয়া ট্রাকের চাপায় ক্যাম্পাসের ভেতরে মাহবুব হাবিব হিমেল নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় রাতভর উত্তালের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রক্টর ড. লিয়াকত আলীকে প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের অভিযোগ, দুর্ঘটনার বিষয়ে জানার পরও প্রক্টর দায়িত্বে অবহেলা করেছেন।
আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন। দ্রুতই অফিসিয়াল আদেশ জারি হবে বলেও জানান তিনি।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকেই উপাচার্য তার নিজ বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে প্রক্টরকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। এর আগে গতকাল রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় মাহমুদ হাবিব হিমেল নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর থেকে ভবন নির্মাণ কাজে নিয়োজিত পাঁচটি ট্রাক ও নির্মাণশ্রমিকদের ঘরে আগুন, ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে দুর্ঘটনায় গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল ক্যাম্পাসে ট্রাকচাপায় নিহত হন। এছাড়া সিরামিক ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান প্রামাণিক আহত হন। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।