রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে বিরাজমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের মধ্যে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
শীতের পর চৈত্রের শুরুতে ‘অসহনীয়’ হয়ে ওঠা এ তাপপ্রবাহ আরও দু’তিন দিন থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
শুক্রবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, এদিন ময়মনসিহ ছাড়া সবক’টি বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি বিরাজ করছে। তবে বৃষ্টি না থাকায় সর্বত্র গরমের তীব্রতা অনুভূত হচ্ছে।
এদিন ফরিদপুরে ৩৬.৯ ডিগ্রি, চট্টগ্রামের সন্দ্বীপে ৩৬.২ ডিগ্রি, চাঁদপুরে ৩৬.৫ ডিগ্রি, ঈশ্বরদীতে ৩৭ ডিগ্রি, তেঁতুলিয়ায় ৩৫.৯ ডিগ্রি, খুলনার কুমারখালীতে ৩৭.৬ ডিগ্রি ও ভোলায় ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়।
থার্মোমিটারের পারদ ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে আবহাওয়াবিদরা তাকে মৃদু তাপপ্রবাহ বলে। উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।
চৈত্রের শুরুতেই তাপপ্রবাহ, তাপমাত্রা উঠেছে ৩৭ ডিগ্রিতে
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি ঘনীভূত হয়ে শনিবার সকালে সুস্পষ্ট লঘুচাপে রূপ নেবে। পশ্চিমা লঘূচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
পরবর্তীতে এটি নিম্নচাপে রূপ নিতে পারে। তবে এর প্রভাব বাংলাদেশে পড়ার শঙ্কা নেই বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।
এই আবহাওয়াবিদ জানান, শুক্রবার সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চলসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, সিলেট, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
“আগামী ৪৮ ঘন্টায় লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। বৃষ্টিপাত না থাকায় গরমও অনুভূত হচ্ছে বেশি। নিম্নচাপ হলে কয়েকদিন পর আবহাওয়া সামান্য পরিবর্তন আসতে পারে। সোমবারের পরে তাপপ্রবাহ ধীরে ধীরে কমতে পারে”।
চৈত্রের শুরুতে বেশ গরম পড়লেও ঝড় বৃষ্টিরও আভাস রয়েছে এ মাসে।
মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তর, উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র ২-৩ দিন বজ্র/শিলা বৃষ্টিসহ মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।
এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১-২টি মৃদু তাপপ্রবাহ অথবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম