রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীকে পক্ষপাতমূলকভাবে কম নম্বর দেওয়া, মানসিকভাবে নির্যাতন করাসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানা গেছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাসেমকে আহ্বায়ক ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক হাবিবুর রহমানকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ৫১২তম সিন্ডিকেট সভায় গতকাল বুধবার এই তদন্ত কমিটি গঠন করা হয়। সিন্ডিকেট সভা শেষে বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর।
সাদিকুল ইসলাম সাগর জানান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীকে পক্ষপাতমূলক কম নম্বর দেওয়া, মানসিকভাবে নির্যাতন করাসহ নানান অভিযোগ ছিল। এছাড়াও সভাপতির বিরুদ্ধে একই বিভাগের চারজন শিক্ষক অনাস্থা জ্ঞাপন করেছিল। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির বিরুদ্ধে এই তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য তদন্ত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিন্ডিকেট সদস্য সাদেকুল ইসলাম সাগর আরও জানান, ফিশারিজ বিভাগের প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করার জন্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক গোলাম কবিরকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।