সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় রাজশাহীতে চাহিদা বেড়েছে সরিষার তেলের। দুই সপ্তাহের ব্যবধানে লিটার প্রতি বেড়েছে ৪০ টাকা। রোববার প্রতি লিটার সরিষার তেল বিক্রি হয় ২২০ টাকায়।
ব্যবসায়ীরা জানায়, চাহিদা বাড়ায় সরিষা তেলের দাম বেড়ে গেছে। দুসপ্তাহ আগে খোলা সরিষার তেল বিক্রি হয় ১৮০ টাকা লিটার। বাজারে চাহিদা বাড়ায় লিটার প্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছিল ২০০ টাকা লিটার। এর পর গত দুইদিন আগে ফের ২০ টাকা বেড়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে ২২০ টাকায়।
রাজশাহী সাহেববাজারের তেল ক্রেতা মোয়াজ্জোম হোসেন বলেন, সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় সরিষার তেল খেতাম। ১৫ দিন আগে ১৮০ টাকা লিটার কিনে ছিলাম। আজ ২২০ টাকা লিটার চাচ্ছে।
তিনি আরো বলেন, প্রতিদিন সবকিছুর দাম বাড়ছে। কিন্তু আমাদের কোন আয় রোজগার বাড়ছে না। এতে আমাদের মত নিম্ম আয়ের পরিবারের দিন চালাতে খুবই কষ্ট হচ্ছে।
সাহেববাজারের তেল ব্যবসায়ী আকসেদ আলী বলেন, বাজারে সরিষার তেলের চাহিদা বেড়েছে। কিন্তু সরবরাহ কম। সে কারণে সরিষার দাম বেড়েছে। তবে এখন সরিষা উঠছে। আমদানি বেড়ে গেছে আবার কমে যাবে বলে মনে করেন এই ব্যবসায়ী।
স্থানীয়ভাবে সংগ্রহ করা সরিষার তেলের কারখানায়ও বিক্রি হচ্ছে অন্য সময়ের থেকে বেশি। বিভিন্ন এলাকার ঘানিগুলো এখন সরিয়া ভাঙ্গতে ব্যস্ত হয়ে পড়েছে।