সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যানে সিরাজগঞ্জের বেলকুচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধী নুরুল ইসলামক পেয়েছেন রঙিন ঘর। প্রবাসী জাকির হোসেন ও তার বন্ধুদের অর্থায়নে ও সামাজিক সংগঠন দ্যা বার্ড সেফটি হাউজের সহযোগিতায় এই ঘর তৈরি করে দেওয়া হয়।
রোবাবর (৬ মার্চ) সকালে প্রতিবন্ধী নুরুল ইসলামের কাছে ঘরসহ ৩ টি ছাগল আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, দ্য বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবী সমাজকর্মী মামুন বিশ্বাস, সাংবাদিক পারভেজ আলী ,সেচ্ছাসেবক সুজন ও সাদেক আলীসহ আরও অনেকেই।
এর আগে গত (২৭ ফেব্রুয়ারি) রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে যায় প্রতিবন্ধী নুরুল ইসলামের থাকার একমাত্র ঘরসহ সবকিছুই। এরপর থেকেই অন্যের বাড়িতে রাত কাটাচ্ছিলেন তারা।
বিষয়টি নজরে আসে স্বেচ্ছাসেবী ও সমাজকর্মী মামুন বিশ্বাসের। এরই পরিপ্রেক্ষিতে তিনি কানাডা প্রবাসী জাকির হোসেনকে বিষয়টি জানান। পরে জাকির হোসেন ও তার বন্ধুদের সহযোগিতায় একটি ঘর ও আসবাবপত্রসহ তিনটি ছাগল দেওয়া হয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধী নুরুল ইসলামের পরিবারকে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম