সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল বাছেদকে (২০) কারাগারে নেওয়ার পথে পালিয়ে গেছেন।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে আব্দুল বাছেদ সহ কারাদণ্ডপ্রাপ্ত ২২ আসামিকে নৌকায় করে চৌহালী থেকে সিরাজগঞ্জ জেলা কারাগারে নেওয়ার পথে তিনি চলতি নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। পলাতক আব্দুল বাছেদ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আটাপাড়ার নুরু ইসলামের ছেলে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনার রশিদ জানান, মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতভর চৌহালী উপজেলার যমুনা নদীতে ইলিশ রক্ষার্থে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফসানা ইয়াসমিন। এ সময় মা ইলিশ ধরার অপরাধে ২২ জন জেলেকে জাল ও মাছসহ আটক করা হয়।
তিনি আরও জানান, বুধবার সকালে আব্দুল বাছেদ সহ আটক সব জেলেদের এক মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এরপর সাজাপ্রাপ্ত জেলেদের নৌকায় করে কারাগারে নেওয়া হচ্ছিল। পথে টাঙ্গাইল সদর উপজেলার কুকুরিয়ায় পৌঁছলে সাজাপ্রাপ্ত বাছেদ আলী নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। তখন নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও তাকে ধরতে ধাওয়া করেও ধরতে পারেনি। তবে তাকে ধরতে ঐ এলাকায় অভিযান অব্যাহত আছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম