সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। অতিরিক্ত চাপে মহাসড়কের অন্তত চারটি পয়েন্টে ধীরগতিতে চলছে যানবাহন।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোর থেকে মহাসড়কজুড়ে এ চিত্র দেখা যায়।
সরেজমিন মহাসড়ক ঘুড়ে, চালক ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, ঈদ ঘনিয়ে আসায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অন্যান্য সময়ের চেয়ে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। রাতের বেলায় পণ্যবাহী ট্রাক চলাচল বাড়ায় এই চাপ আরো বৃদ্ধি পায়। যার প্রভাবে সকাল অবধি মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যানচলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজটপ্রবন মুলিবাড়ি, কড্ডা, নলকা, পাচলিয়া পয়েন্টে সৃষ্ট ধীরগতি চলছে যানবাহন।
বাসচালক রফিকুল ইসলাম বলেন, নতুন চালু হওয়া নলকা সেতুর এপ্রোচ সড়কে উঠতে বেগ পেতে হচ্ছে যানবাহন চালকদের। অতিরিক্ত ঢালু এপ্রোচ সড়কে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ধীরগতি থাকলেও যানজট সৃষ্টির আশঙ্কা নেই। যে কোনো পরিস্থিতিতে লেন মেনে যানবাহন চলাচল নিশ্চিত করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ সদস্যরা।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম