রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

উত্তরের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে

আজ খুলছে নলকা সেতুর এক লেন


DhakaReport24.com || 2022-04-25 10:14:00
আজ খুলছে নলকা সেতুর এক লেন

উত্তর ও দক্ষিনাঞ্চলের ২২ জেলার মানুষের সড়ক পথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আজ সোমবার খুলে দেয়া হবে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতুর এক লেন। এদিকে ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। মহাসড়কটির অন্তত ৫টি পয়েন্টে ধীরগতিতে চলছে যানবাহন।

আজ সোমবার (২৫ এপ্রিল) ভোর থেকে মহাসড়কজুড়ে এ চিত্র দেখা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানা ও সড়ক বিভাগসূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার সাথে উত্তরের ১৬ ও দক্ষিণের ৬ জেলায় চলাচলকারী যানবাহনের জন্য গুরুত্বপূর্ণ সেতু গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কের যানজট প্রবণ পুরাতন নলকা সেতুর পাশেই নির্মিত নতুন সেতুর একলেন চালু হচ্ছে আজ (সোমবার) বিকেলে। প্রতিবছরেই ঈদ মৌসুমে মহাসড়কের এই স্থানে যানজটে নাকাল হতে হয় যাত্রীদের। সেই দুর্ভোগ লাঘবে এবার ঈদের আগেই নতুন সেতুটির ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেন চালু করে দেয়া হচ্ছে। এই লেনটি চালু হলে নতুন লেন দিয়ে ঢাকা থেকে উত্তর ও পুরাতন সেতু দিয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যান চলাচল করবে। এতে যানজটপ্রবন এই সেতু এলাকা যানজটমুক্ত হবে।

এদিকে ঈদ ঘনিয়ে আসার সাথে সাথেই যানবাহনের চাপ বাড়ছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। এই চাপ আরো বাড়বে। যানবাহনের অতিরিক্ত চাপে মহাসড়কের মুলিবাড়ি, কড্ডা, নলকা, পাচলিয়া ও ধোপাকান্দি এলাকায় ধীরগতি সৃষ্টি হচ্ছে।

সেতু নির্মাণ ও মহাসড়ক চারলেনে উন্নিতকরন কাজে নিযুক্ত বেসরকারি প্রতিষ্ঠান মীর আকতার হোসেন লিমিটেডের নলকা সেতু প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এখলাস উদ্দিন বলেন, সোমবার বিকেলে নলকা সেতুর এক লেন চালু করা হবে। সেতুটির একটি লেন চালু করতে সকল কাজ ইতোমধ্যেই শেষ করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, আজ সোমবার থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে প্রায় ৪৫০ জন পুলিশ মোতায়েন হচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ১৫০ জন করে তিনভাগে বিভক্ত হয়ে পালাক্রমে দায়িত্ব পালন করবে তারা। যানবাহনের যে চাপ রয়েছে, লেন মেনে গাড়ি চললে এতে যানজট সৃষ্টির আশঙ্কা নেই।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম