সিরাজগঞ্জের বেলকুচিতে শোবার ঘর থেকে আব্দুল মোন্নাফ শেখ (৪৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের শোবার ঘরের বিছানা থেকে পেটে ছুরিঘাত করা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মোন্নাফ রাজাপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। এদিকে এ মৃত্যুর ঘটনা রহস্যজনক বলে দাবি পরিবারের।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, আব্দুল মোন্নাফ গার্মেন্টসে চাকরি করার সুবাদে পরিবার নিয়ে ঢাকায় থাকেন। বাড়িতে এসেছিলেন ঘর নির্মাণের জন্য। সোমবার (২১ মার্চ) রাতের খাবার খেয়ে শোবার ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে না উঠলে বাড়ির লোকজন তার শোবার ঘরের দিকে এগিয়ে গিয়ে দেখে দরজা খোলা। ভিতরে প্রবেশ করতেই দেখেন পেটে ছুরিকাঘাত সহ বিছানা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে থানায় খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ
হাসপাতালে পাঠানো হয়েছে। এটি যেহেতু একটি হত্যাকান্ড তাই দীর্ঘ তদন্তের পর আমরা আশা করছি, মূল এর মূল রহস্য বের হয়ে আসবে। তখন আমরা আইনগতব্যবস্থা গ্রহণ করতে পারব।
ঢাকারিপোর্ট২৪.কম/এবি/আরএএম