কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধ পথে গরু পাচার করতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফরিদুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার হরিণধরা পুর্ব কাউয়ারচর সীমান্তে এই ঘটনা ঘটে।
হরিণধরা গ্রামের মজিবুর রহমানের ছেলে নিহত ফরিদুল।
জানা যায়, ফরিদুলসহ একদল যুবক আন্তর্জাতিক সীমানা ১০৫৭ মেইন পিলারের পাশ দিয়ে অবৈধভাবে কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে ভারতীয় গরু পাচার করে আনছিল। এ সময় ভারতের কুকুরমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ফরিদুলের।পরে তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে মরদেহ হস্তান্তরের দাবি জানানো হয়েছে বলে জানান নিহতের দুলাভাই শহিদ মওলা।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, সীমান্তে ফরিদুল নামের একজনের মৃত্যুর সংবাদ শুনেছি। তদন্তের জন্য ওই এলাকায় পুলিশের একটি টিম পাঠানো হয়েছে বলেও জানান তিনি।