কুড়িগ্রামের উলিপুরে আত্মীয়র বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে তিস্তা নদীতে যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে সাত থেকে আটজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার (১৯ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, ডুবে যাওয়া নৌকায় ২৬ জন বরযাত্রী ছিলেন। এর মধ্যে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন ৮ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করে। তার পরিচয় জানা যায়নি।
উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলেই আছি। এখন পর্যন্ত এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে।
নৌকার যাত্রী শরীফা বেগম ও কামাল হোসেন বলেন, সন্ধ্যার দিকে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের আলী বাবা থিম পার্ক এলাকায় এক আত্মীয়র বাড়ি থেকে দাওয়াত খেয়ে প্রায় ২৫ থেকে ৩০ জন একটি নৌকায় বাড়ি ফিরছিলেন। তাদের সবার বাড়ি বজরা ইউনিয়নের চর পশ্চিম বজরা এলাকায়। সন্ধ্যা ৭টার দিকে নদীর তীব্র স্রোতে চর সাদুয়া দামারহাট এলাকায় তিস্তা নদীতে নৌকাটি ডুবে যায়। আমরা কোনো রকম তীরে উঠে আসতে পেরেছি।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, আমরা ঘটনাস্থলেই আছি। ঠিক কতজন নিখোঁজ তা বলা যাচ্ছে না। তবে স্থানীয়রা বলছেন ৫ থেকে ৮ জন নিখোঁজ থাকতে পারেন।
এ বিষয়ে বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার বলেন, নৌকাডুবির ঘটনাটি ঘটেছে সন্ধ্যা ৭টার দিকে। যতটুকু শুনেছি তারা দাওয়াত খেতে যাচ্ছিলেন। তবে কতজন নিখোঁজ সেই তথ্য আমার জানা নেই।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম