লালমনিরহাটের হাতীবান্ধায় স্বতন্ত্র প্রার্থী ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমানের ওপর হামলা চালিয়ে গাড়ি ও অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে ওই উপজেলার গড্ডিমারী মেডিকেল মোড় এলাকায় গণসংযোগ করতে গেলে তার ওপর হামলা চালায় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার লোকজন। এ সময় গাড়ি ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হায়াত খান জানান, ওই এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ আওয়ামী লীগ, যুব ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী তাদের পথ রোধ করে গণসংযোগে বাধা দেয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী ও তার সফরসঙ্গীদের ওপর হামলাসহ গাড়ি ও অফিস ভাঙচুর করা হয়।
হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের গণসংযোগে বাধা ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রার্থীর ব্যক্তিগত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক শ্যামল। তার দাবি, স্বতন্ত্র প্রার্থী গণসংযোগের নামে নৌকার বিরুদ্ধে কথা বললে স্থানীয় লোকজনের বাধার মুখে পড়েন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম