সাকিবের পর সবার আগ্রহ ছিল মুস্তাফিজুর রহমানের নিলাম নিয়ে। তবে সাকিবের মতো নিলামে হতাশ হতে হয়নি মুস্তাফিজকে। দিল্লি ক্যাপিটালস দলে ভিড়িয়েছে কাটার মাস্টারকে ।
সাকিবের সমান দুই কোটি রুপি ভিত্তিমূল্যতে নিলামে নাম দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে কাটার মাস্টারকে নিয়ে আগ্রহ দেখায় শুধু দিল্লিই । আর কেউ আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যতেই বিক্রি হলেন বাংলাদেশি পেসার।
গেল আসরে দুই কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে নিয়েছিল রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে মোটামুটি ভালো করেছেন বাংলাদেশি তারকা। তবুও এবার আর আগ্রহ দেখায়নি তারা।
বেঙ্গালুরুতে চলছে আসন্ন আইপিএলের মেগা নিলাম। এবারই প্রথম আইপিএল অনুষ্ঠিত হবে ১০ দল নিয়ে। নিলামে ১০টি দল সর্বোচ্চ ৮ জন করে বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে। এই নিলাম থেকে দল পেতে পারেন ৮০ জন বিদেশি ক্রিকেটার।
এবারের আসরে ১০টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড গড়ে নিতে পারবে। সেই হিসেবে মোট ২৫০ জন ক্রিকেটার দল পেতে পারেন। তবে ১০টি ফ্র্যাঞ্চাইজি নিলামের আগেই দলে নিয়েছে ৩৩ জন ক্রিকেটারকে ।নিলাম থেকে দল পাবেন সর্বোচ্চ ২১৭ জন ক্রিকেটার।