পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। তবে টুর্নামেন্টের মাঝপথে এসে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেন সাকিব। সেই আবেদনের প্রেক্ষিতে তাকে পিএসএলের খেলার অনুমতি দিয়েছে বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে দলে নিয়েছে পিএসএলের দল লাহোর কালান্দার্স। দেশের বাইরে থাকা শীর্ষ অলরাউন্ডার এনওসি চেয়ে মেইল করেন বোর্ডে।
এরা আগে এক বিবৃতিতে সাকিবকে দলে নেওয়ার খবর নিশ্চিত করে লাহোর। মূলত, কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলের বদলি হিসেবে লাহোরে খেলবেন এই বাংলাদেশি অলরাউন্ডার। বিবৃতিতে লাহোরের টিম ডিরেক্টর সামিন রানা বলেন, ‘আমি সাকিবের লাহোর কালান্দার্স পরিবারে যুক্ত হওয়া নিয়ে রোমাঞ্চিত। তার অভিজ্ঞতা, স্কিল ও অলরাউন্ড সক্ষমতা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন—বিশেষত টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে।’
সামিন রানা আরও বলেন, ‘তার উপস্থিতি আমাদের স্কোয়াডের গভীরতা বাড়াবে। আমি আত্মবিশ্বাসী যে সাকিবের যোগ দেওয়া মাঠের ভেতরে ও বাইরে শক্তিশালী প্রভাব ফেলবে’—যোগ করেন তিনি।
এক বিবৃতিতে সাকিব বলেন, ‘এই মৌসুমের জন্য পিএসএলে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমরা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে আছি, যেখানে প্রতিটা ম্যাচ নিয়েই হিসাব হচ্ছে। এটা এমন টুর্নামেন্ট, যা দেখতে আমি পছন্দ করি। এখন আমি মাঠে খেলার জন্য মুখিয়ে আছি। কালান্দার্সের দারুণ সমর্থক গোষ্ঠী, টিম স্পিরিট আছে। ভালো একটা ফল চায়, এমন দলের অংশ হওয়া নিয়ে আমি রোমাঞ্চিত।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম