চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ১৩তম ম্যাচে চট্টগ্রামকে ৫২ রানের বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা।
কুমিল্লার দেওয়া ১৮৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৭.৩ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে কুমিল্লা।
৩৪ বলে ৫টি চার ও একটি ছক্কার সাহায্যে ৪৭ রানের ইনিংস খেলেন লিটন দাস। ৩ রানের জন্য অর্ধশতক হয়নি তার, নাসুম আহমেদের বলে সাব্বির রহমানকে ক্যাচ দিয়েছেন তিনি। মাহমুদুল জয়, লিটন ও ইমরুল কায়েসের পর দলের হাল ধরেন দুই দক্ষিণ আফ্রিকান ফাফ দু প্লেসি ও ক্যামেরুন ডেলপোর্ত।
দুজনে মিলে গড়েন অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটি। দু প্লেসি ৫৫ বলে তিন ছক্কা ও ৮ চারের সাহায্যে অপরাজিত থাকেন ৮৩ রানে। ডেলপোর্ত অপরাজিত থাকেন ২৩ বলে ৫১ রান করে। শেষ ৫ ওভারে ৭৬ রান তুলেছেন দুজন।
চট্টগ্রামের পক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। বেনি হাওয়েল নিয়েছেন একটি উইকেট। ৩ ওভারে ৩০ রান দিলেও কোনো উইকেট পাননি মেহেদি হাসান মিরাজ।