বিশ্বকাপে ইতোমধ্যেই দুটি ম্যাচ খেলে ফেলেছে নিউজিল্যান্ড। দুই ম্যাচেই উইলিয়ামসন ও টিম সাউদি বাদেই সাফল্যের ঝাণ্ডা উড়াচ্ছে কিউইরা। তাদের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই দলে শক্তিমত্তার পার্থক্য গড়ে দেয়। কিন্তু ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের অভাব টের পাওয়া যায়নি। আগামী শুক্রবার বাংলাদেশের বিপক্ষে তিনে তিন করার অপেক্ষায় ব্ল্যাক ক্যাপরা। আর এই ম্যাচ দিয়ে কিউই শিবিরে উইলিয়ামসনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ গ্যারি স্টিড।
সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড কোচ ইতিবাচক খবর দিলেন তার অধিনায়ককে নিয়ে, ‘সে দারুণ উন্নতি করছে। শেষ ৫-৬ দিন ওর বেশ ভালো গেছে। এটা আর এখন তাঁর ইনজুরি নয়। সে উইকেটে দৌড়াতে পারছে কি না, ফিল্ডিং করতে পারছে কি না ৫০ ওভারের খেলায়, এই বিষয়গুলো বুঝতে হবে এখন। আমরা খুশি, এখন যে অবস্থায় আছে। কেন যদি এভেইলঅ্যাবল হয় তাহলে সে খেলবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে বিশ্বের অন্যতম সেরা একজন ক্রিকেটার। আমরা এই মুহূর্তে আলোচনা করছি দলের কম্বিনেশন নিয়ে। উদাহরণ হিসেবে বলব, জিমি নিশাম প্রথম ম্যাচে খেলেনি, দ্বিতীয়টিতে খেলেছে। পুরোটাই কন্ডিশনের ওপর ভাবছি।’
অন্যদিকে সতর্কতা এখনও বিরাজ করছে বললেন স্টিড, ‘এখনও দুটো ট্রেনিং আছে কিন্তু এই পর্যায়ে যা লক্ষ করা যাচ্ছে, সেটা পরের ম্যাচে (বাংলাদেশ) কেনের ফেরার ব্যাপারে ইতিবাচক। কিন্তু এখনও সতর্কতা বিরাজ করছে। তবে সে যেভাবে উন্নতি করছে আমরা সত্যিই সন্তুষ্ট।’
অন্যদিকে ইনজুরিতে আক্রান্ত হয়ে বিশ্বকাপের আগেই অস্ত্রোপচার করানো কিউই পেসার টিম সাউদি। ডানহাতের বৃদ্ধাঙ্গুলির চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে বোলিং করছেন সাউদি। স্টিড জানালেন, দলের অন্যতম এই মূল পেসার খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। এই পেসার ফিরছেন আগামী ম্যাচেই।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম