গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলি বৈরি সম্পর্ক এক দশকের। যার শুরুটা হয়েছিল ২০১৩ সালে। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন গম্ভীর। আর কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। ১০ বছর পর দুজনের ভূমিকাতেই বদল এসেছে। একজন লাখনৌ সুপার জায়ান্টের মেন্টর, অন্যজন ছেড়েছেন নেতৃত্ব। তবে বৈরিতা রয়েই গেছে।
গত রাতে লাখনৌর সঙ্গে খেলা ছিল ব্যাঙ্গালুরুর। ম্যাচ শেষ হতেই দুজনের উত্তপ্ত বাদানুবাদ বৈরিতার আগুনে নতুন করে ঘি ঢেলেছে। সতীর্থরা এগিয়ে না এলে কথা-কাটাকাটি হাতাহাতির পর্যায়ে চলে যেতেও পারত। গম্ভীর-কোহলির এই বাদানুবাদ আইপিএল কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে নেয়নি। দুজনকেই গুণতে হয়েছে জরিমানা।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, দ্বন্দ্বে জড়িয়ে আচরণবিধির দ্বিতীয় স্তরের ২.২১ ধারা লঙ্ঘন করেছেন ভারতের হয়ে বিশ্বকাপ জেতা দুই ক্রিকেটার। শাস্তি হিসেবে তাদের ম্যাচ ফির পুরোটাই কেটে (১০০% জরিমানা) নেওয়া হয়েছে।
এ ছাড়া লখনৌয়ের আফগান পেসার নবীন উল হককে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। তারা নিজেদের দোষ স্বীকার করেছেন কি না কিংবা আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েছে কি না, এ ব্যাপারে কিছু জানা যায়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম