বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আজ রাতেই ঢাকায় আসছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। দুজনই খেলবেন বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।
আজ কুমিল্লার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দলটির সহকারী কোচ সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল বলেছেন, ‘নাসিম শাহকে আমরা পাচ্ছি না। খুশদিল দুপুরেই আসবেন। এ ছাড়াও আন্দ্রে রাসেল ও নারিন আসছেন।’
আগামীকাল রাতের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে রাসেল-নারিনকে দেখা যেতে পারে। কুমিল্লার এ কোচ বলেছেন, ‘যদি হেড কোচ মনে করেন, তাহলে খেলাবেন।’ এ ছাড়াও মঈন আলীর ব্যাপারে তিনি বলেছেন, ‘সম্ভাবনা আছে, তবে আগামী ম্যাচের জন্য না।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্লে-অফের খেলা নিশ্চিত করেছে ইতোমধ্যে। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়নরা। রাউন্ড রবিন লিগ পর্বে দলটির বাকি আরও দুটি ম্যাচ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম