চান্দিকা হাথুরুসিংহে, বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে ফিরে কেমন করবেন চান্দিকা হাথুরুসিংহে তা নিয়ে নানান আলোচনা দেশের ক্রিকেটে। ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে কোচ-ক্রিকেটারদের কাছ থেকে। এই আলোচনায় যোগ দিতে রাজি নন মোহাম্মদ সালাউদ্দিন। উল্টো হাথুরুসিংহেকে ফেরানো নিয়ে বোর্ডের মরিয়া ভাব নিয়ে একরকম খোঁচাই মেরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ।
২০১৪ সাল থেকে ২০১৭ পর্যন্ত তিন বছর বাংলাদেশের কোচিংয়ের দায়িত্ব শেষে আচমকা পদত্যাগ করেন হাথুরু। দুই বছরের চুক্তি বাকি থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন এক মেইলবার্তায় বিদায় নেন এই শ্রীলঙ্কান কোচ। নিজ দেশের কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পাশাপাশি বিপুল অঙ্কের লোভে তখন বিসিবির সঙ্গে কোনো যোগাযোগই রাখেননি এই কোচ।
এরপর আবার হাথুরুকে ফেরানো, তাও দেড় বছরের মতো অপেক্ষা শেষে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দীন তো মনে করেন, এই লঙ্কান কোচের কাছে জাদুর কাঠি আছে বলেই হয়ত এভাবেই ফেরানো হচ্ছে।
বিপিএলে নিজ দলের ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনার এক মুহূর্তে সালাহউদ্দীন বলেন, ‘আমার কাছে মনে হয় যে যেভাবে আমরা হাথুরুসিংহকে চেয়েছি, নিশ্চয় তার কাছে মনে হয় জাদুর কাঠি আছে। কারণ তা না হলে তো মনে হয় না কেউ একজন হঠাৎ করে চলে গেছে, তাকে আমরা জোর করে নিয়ে আসতেছি। নিশ্চয় জাদুর কাঠি কিছু আছে। এটা আপনারাই ভালো বলতে পারবেন, আমি কিছু জানি না। নিশ্চয় সবাই আশা করে অনেক ভালো করবে।’
চলতি মাসের প্রথম দিন থেকেই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু হয়ে গেছে হাথুরুসিংহের। তবে তার বাংলাদেশে আসার কথা আগামী ২০ ফেব্রুয়ারি। হাথুরুসিংহেকে নিয়োগ দেওয়ার আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, ক্রিকেটারদের সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা তাকে বাড়তি সুবিধা দেবে।
জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের মতে, হাথুরুসিংহে ফিরলে সবার জন্য ভালো কাজ হবে। এছাড়া বোর্ড সভাপতি নাজমুল হাসান জানান, অন্যান্য কোচদের প্রায় সবাই বিভিন্ন লিগের সঙ্গে সম্পৃক্ত থাকায় বাংলাদেশে পূর্ণ সময় দিতে পারবেন না। হাথুরুসিংহেকে ফেরানোর পেছনে এটিও প্রভাবক হিসেবে কাজ করেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম