চরম আর্থিক সংকটে ডুবে থাকা শ্রীলংকা উত্তাল প্রবল গণবিক্ষোভে। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই শনিবার থেকে গলে শুরু হচ্ছে শ্রীলংকা-পাকিস্তান দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
মাঠের বাইরের লংকাকাণ্ড তাদের প্রভাবিত করছে না বলে জানিয়েছেন দুই দলই।শ্রীলংকা অধিনায়ক দিমুথ করুনারত্নেও জানিয়েছেন, মাঠের ক্রিকেটে পুরো মনোযোগ তাদের।
কিন্তু দেশ ও ক্রিকেট নিয়ে গভীর উদ্বেগ, উৎকণ্ঠায় ভুগছেন লঙ্কান ক্রিকেটার চামিকা করুনারত্নে। এ মুহূর্তে জাতীয় দলের বাইরে আছেন তিনি।
জ্বালানী তেলের সংকটে নিয়মিত অনুশীলনে যেতে পারছেন না চামিকা। ২০১৯ সালে আন্তর্জাতিকে অভিষেক ঘটা এ ক্রিকেটার জানালেন, শ্রীলংকায় চলতি পেট্রোল ঘাটতিতে খুব সমস্যায় পড়েছেন তিনি। দুই দিন লাইনে দাঁড়িয়ে গাড়িতে তেল ভরেছেন।
সংবাদ সংস্থা এএনআই-কে চামিকা করুণারত্নে বলেন, ‘দুই দিন দীর্ঘ লাইনে অপেক্ষা করার পর ভাগ্যক্রমে পেট্রোল পেয়েছি, প্রচুর জ্বালানী সংকটের কারণে আমি আমার ক্রিকেট অনুশীলনেও যেতে পারিনি।’
দেশের অর্থনৈতিক সংকটে ক্রিকেটের ভবিষ্যত ও আসন্ন এশিয়া কাপ নিয়ে শঙ্কিত চামিকা। কি হবে তাও জানেন না এ অলরাউন্ডার।
তিনি বলেন, ‘আমি এমন দিনে আসছি যখন লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দুটি গুরুত্বপূর্ণ সিরিজ ও ম্যাচ ঘোষণা করা হয়েছে। এশিয়া কাপ আসছে এবং এলপিএলও এই বছর নির্ধারিত রয়েছে। আমি জানি না কী হবে কারণ আমাকে অনুশীলন করতে এবং ক্লাব মৌসুমে অংশ নিতে কলম্বো এবং বিভিন্ন জায়গায় যেতে হবে। জ্বালানির অভাবে অনুশীলনে যেতে পারছি না। পেট্রোলের জন্য দীর্ঘ লাইনে থাকায় দুদিন থেকে কোথাও যাইনি। ভাগ্যক্রমে আমি আজ এটি পেয়েছি কিন্তু ১০ হাজার টাকার এই পেট্রোল সর্বোচ্চ দুই থেকে তিন দিন থাকবে।’
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম