আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির মুখে এবার ব্যালন ডি অরের জন্য এক নম্বর দাবিদার হিসেবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ ফরোয়ার্ড করিম বেনজেমার নামটাই এসেছে। ইতিহাসের সবচেয়ে বেশি (সাত বার) ব্যালন ডি অর জেতা মেসির কাছ থেকে এমন প্রশংসা পেয়ে বেনজেমা খুশীতে আত্মহারা।
চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে ৪৪ টি গোল করেছেন এ ফরাসি তারকা। রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ অর্জনে বড় ভূমিকা রেখেছেন তিনি। তাই ব্যালন ডি অরের দৌড়ে সাদিও মানে, কাইলিয়ান এমবাপে ও মোহাম্মদ সালা’র থেকে এগিয়ে তিনি।
গত মাসে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, আমার মনে হয় সবাইকে পেছনে ফেলে নিসন্দেহে বেনজেমাই এবার ব্যালন ডি অর জিতবেন। স্পষ্টত বেনজেমা দারুণ একটি বছর কাটিয়েছে এবং রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করেছে।
মেসির কাছ থেকে পাওয়া প্রশংসায় নিজের প্রতিক্রিয়া জানিয়ে বেনজেমা বলেন, ‘মেসির কথাগুলো আমি শুনেছি। যা আমাকে অনেক খুশি করেছে। মেসির মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন মন্তব্য বড় পাওয়া। এসব বিষয় আমাকে আরও অনুপ্রাণিত করে।’
এতোদিন ধরে বর্ষপঞ্জিকা হিসেব করে ব্যালন ডি অর দেওয়া হলেও এবার হবে মৌসুম ভিত্তিক পারফরম্যান্সের উপর। যে কারণে অক্টোবরেই ঘোষণা করা হবে এবারের ব্যালন জয়ী ফুটবলারের নাম। সুতরাং বিশ্বকাপের পারফরম্যান্স যোগ হওয়ার কোনো সুযোগ আর থাকছে না।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম