শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। একই সঙ্গে নভেল করোনাভাইরাসের কারণে গত দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ায় যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে নানা পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
আজ (শুক্রবার) সকালে সাভারের বিরুলিয়ায় দত্তপাড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লেন্ডেড শিক্ষা মহাপরিকল্পনা চূড়ান্তকরণ কর্মশালায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন,‘করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় এখন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পুরোদমে ক্লাস ও পরীক্ষা চলছে।’
তিনি বলেন, ‘শিক্ষকদের রাজনীতি করলে চলবে না, শিক্ষার্থীদেরকে মানুষের মতো মানুষ করতে হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার মান উন্নয়নে নানা পদক্ষেপ হাতে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে কোনো দুর্নীতি হলে ছাড় দেওয়া হবে না।’
ব্লেন্ডেড শিক্ষা বিষয়ক জাতীয় টাস্কফোর্স দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম