শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

চবিতে এক ভুয়া শিক্ষার্থী আটক


DhakaReport24.com || 2025-11-27
চবিতে এক ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তার নাম মিনহাজ ইসলাম রিফাত। তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বলে দাবি করে আসছিলেন।


বুধবার (২৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে শনাক্ত করে। অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী তাকে জিরো পয়েন্ট পুলিশ বক্সে নিয়ে যান। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করে।


আটক ভুয়া শিক্ষার্থী মিনহাজ চট্টগ্রামের আর এইচ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বলে তার কাছে থাকা একটা পরিচয়পত্র থেকে জানা গেছে। মিনহাজ দীর্ঘদিন ধরে চবি অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নামে পরিচয় দিয়ে আসছিলেন। এছাড়া শিক্ষার্থী পরিচয়ে তিনি অর্থনীতি বিভাগের সিনিয়র নারী শিক্ষার্থীদের নানা কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন।


নারী শিক্ষার্থীদের নানা কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর বিষয়ে চবি অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৃজিতা তার বিরুদ্ধে অভিযোগ তুলেন। সৃজিতা তৃতীয় বর্ষের শ্রেণি প্রতিনিধি। তিনি বলেন, ‘আমরা অনেক আগে থেকেই তার কথা শুনে আসছি। সে আমাদের বিভাগের অনেক মেয়েকে কুরুচিপূর্ণ মেসেজ পাঠায়। সে আমাদের ব্যাচের শিক্ষার্থী বলে দাবি করে আসছিল। কিন্তু আমি যেহেতু ব্যাচের সিআর তাই সবাইকে চিনি। ফলে আমি বুঝতে পেরেছি সে ভুয়া শিক্ষার্থী। আজকে তাকে আমরা হাতেনাতে ধরতে পেরেছি।’


এ বিষয়ে জানতে চাইলে চবি সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, আমরা তাকে আটক করেছি। সে ভুয়া শিক্ষার্থী এটা আমরা নিশ্চিত হয়েছি। এছাড়া তার কাছে আমরা একটি পরিচয়পত্র পেয়েছি যেখানে সে একটি হাসপাতালে চাকরিরত দেখাচ্ছে। হাসপাতালটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবস্থিত।


তিনি আরও বলেন, ওই ভুয়া শিক্ষার্থী চবির বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। আমরা আশঙ্কা করছি, সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসব কাজ করছে। আমরা তাকে নিরাপত্তা দপ্তরের কাছে পাঠিয়েছি। বাকি সিদ্ধান্ত ওখান থেকে নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম