শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দলনরত শিক্ষার্থীদের মেডিকেল সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টিম।
সোমবার (২৪ জানুয়ারি) রাত আড়াইটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
শিক্ষার্থীরা জানায়, আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার সবকয়টি মোবাইল ব্যাংকিং নম্বর সোমবার দুপুরের পর থেকে কাজ করছে না।
আন্দোলনকারীদের এক মুখপাত্র আরিফুল ইসলাম জানান, অনশনরত শিক্ষার্থীদের সবার অবস্থার অবনতির দিকে যাচ্ছে। তারা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। তারা সবাই খিঁচুনি, ব্লাডে অক্সিজেন ও সুগার লেভেল কমে যাওয়া, ব্লাড প্রেশারসহ নানা শারীরিক জটিলতায় পড়ছেন। তারা অর্গান ড্যামেজের ঝুঁকিতে আছেন।