১১ দিন ধরে উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি)।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা।শাবিপ্রবির শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি জানিয়ে প্রতীকী অনশন কর্মসূচির ডাক দিয়েছে এবার বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক নামক একটি সংগঠন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতীকী অনশন করবে তারা। শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক দিন ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হামলার প্রতিবাদ, শিক্ষার্থীদের প্রাণরক্ষার দাবি ও তাদের ন্যায্য দাবিগুলোর সমর্থনে আজ দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে একটি প্রতীকী অনশন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক নেটওয়ার্ক।
শিক্ষক নেটওয়ার্কের অন্যতম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী বলেন, ‘আজ ঘটনাপ্রবাহ কোন দিকে যায়, তা দেখে অনশনটা আমরা অব্যাহত রাখব কি না, সেই সিদ্ধান্ত নেব।’
আন্দোলনের প্রথম ছয় দিনে দাবি পূরণ না হওয়ায় গত বুধবার বেলা তিনটা থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন বেশ কিছু শিক্ষার্থী। এ নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করেন উপাচার্য। কিন্তু তাতেও সমস্যার সমাধান না হওয়ায় এই আন্দোলন দেশের অন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অন্যদিকে, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দ্রুত সরিয়ে দেওয়ার দাবি উঠেছে সংসদের বৈঠকে। রোববার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদ ও পীর ফজলুর রহমান এ বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। দুই এমপির এই বক্তব্যের সময় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন।