করোনা পরিস্থিতির মধ্যে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরিক্ষা খানিকটা পিছিয়ে গেলেও শিক্ষা কার্যক্রম ফিরতে শুরু করছে স্বাভাবিক প্রক্রিয়ায়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২০২২ সালের মাঝামাঝি সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে । আজ সোমবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা পরীক্ষাগুলো (এসএসসি-এইচএসসি) নিতে চাই। সময়মতো হবে না এটা খুবই স্বাভাবিক। কারণ শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারেনি। আমরা একটা আভাস দিয়েছি বছরের মাঝামাঝি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার। কিন্তু করোনা পরিস্থিতিতে তারিখ নির্দিষ্ট করে বলতে পারছি না। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে আশা করছি, পরীক্ষার তারিখ দুই-তিন মাস আগে বলতে পারব। আর পরিস্থিতি স্বাভাবিক না থাকলে সময় পেছাবে। ’
এ সময় সবাইকে গুজবে কান না দিতেও পরামর্শ দেন দীপু মনি। তিনি বলেন, ‘পরীক্ষা কখন হবে, কীভাবে হবে সব জানিয়ে দেয় শিক্ষা মন্ত্রণালয়। আমরা যা বলব সেটাই বিশ্বাস করবেন। ইউটিউবে বা ফেসবুকে কে কি বললো এসব গুজবে কান দিবেন না। দায়িত্বশীল ব্যক্তিদের কথা শুনবেন। তাহলে সঠিক তথ্য পাবেন।’