১৩ জুন থেকে পর্যায়ক্রমে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
DhakaReport24.com || 2021-05-26 10:49:45
আগামী ১৩ জুন থেকে পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২৬ মে) সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন ক্লাস নেয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে এবং তাদেরকে যথাক্রমে ৬০ ও ৮৪ দিন ক্লাসে উপস্থিত হতে হবে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘ক্লাস শেষ হওয়ার দুসপ্তাহ পরে পরীক্ষা হবে।’
২০২২ সালের এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের ক্লাস সংখ্যা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১৫০ ও ১৮০টি।
ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন স্কুলে যাবে।
গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।
সরকার কয়েক দফা শিক্ষাপ্রতিষ্ঠান চালুর পরিকল্পনা করলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়াতে হয়েছে।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আরও যুক্ত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা সচিব গোলাম মো. হাসিবুল আলম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর সৈয়দ গোলাম মো. ফারুক, প্রাথমিক শিক্ষা অফিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. সাজ্জাদুল হাসান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ।