সাত শর্তে পরীক্ষা নিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়
DhakaReport24.com || 2020-11-03 22:01:15
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স পর্যায়ে সর্বশেষ সেমিস্টারের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার (২ নভেম্বর) ইউজিসি থেকে পাঠানো এক স্মারকে জানানো হয়, সাতটি নিদের্শনা অনুসরণ করে এই ক্লাস ও পরীক্ষা নিতে হবে।
করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতি প্রলম্বিত হওয়ায় শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যত কর্মজীবনের জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে। বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে অনুমোদন চেয়ে কমিশনে আবেদন করায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে ইউজিসি।
সংস্থাটির পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত ওই স্মারকটি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে।
এতে উল্লেখ রয়েছে, এই নির্দেশনা শুধুমাত্র অনার্স ও মাস্টার্স পর্যায়ের সর্বশেষ সেমিস্টারের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য হবে-
১. একদিনে একটি প্রোগ্রামের একটির বেশি ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেয়া যাবে না
২. বাধ্যতামূলক ফেস মাস্ক পরা, শারীরিক দূরত্ব, ক্যাম্পাস ও ক্লাসে স্যানিটাইজার সরবরাহ নিশ্চিতকরণসহ স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে
৩. প্রতি ক্লাসে একসঙ্গে অনধিক ১০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করতে হবে
৪. শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা শুরুর কেবলমাত্র আধঘন্টা আগে ক্যাম্পাসে আগমন এবং তা শেষ হওয়ার দশ মিনিটের মধ্যে ক্যাম্পাস থেকে প্রস্থান নিশ্চিত করতে হবে
৫. সংশ্লিষ্ট কোর্সের মৌখিক পরীক্ষা অনলাইনে সম্পন্ন করতে হবে
৬. ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার হলে প্রতিজন শিক্ষার্থীর মাঝে দূরত্ব থাকতে হবে ন্যূনতম ৬ ফুট। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এমন দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে
৭. ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার কারণে কোনো শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থা করা স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। এ ব্যাপারে কমিশন কোনো দায়ভার গ্রহণ করবে না।
একই সঙ্গে গত ৭ মে ইউজিসি থেকে জারি করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস ও পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিষয়ে নির্দেশনা দেয়া হয়। এ নির্দেশনায় ল্যাবরেটরিভিত্তিক সব কোর্সের ব্যবহারিক ক্লাস এবং পরীক্ষা ও মূল্যায়ন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরই অতিরিক্ত সময় বরাদ্দ করে সরাসরি শ্রেণিকক্ষে সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়। বর্তমানে ব্যবহারিক ও ফাইনাল পরীক্ষা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।